
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাণী নীহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়—পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা স্কুলের মাঠে, সিঁড়িতে আড্ডায় ও খেলাধুলায় সময় কাটাচ্ছে। অন্যদিকে প্রধান ফটকে কর্মবিরতির ব্যানার টাঙানো এবং শিক্ষকরা অফিসে অলস সময় পার করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরীক্ষা বন্ধে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, “স্যাররা কর্মবিরতি করায় পরীক্ষা মাঝপথে বন্ধ হয়ে গেছে। আবার কবে পরীক্ষা শুরু হবে, তা নিশ্চিত না থাকায় দূর-দূরান্ত থেকে স্কুলে এসে খোঁজ নিতে হচ্ছে। বাবা-মায়েরাও দুশ্চিন্তায় আছেন।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউল্লাহ বলেন, সরকার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নবম গ্রেডসহ চার দফা দাবি দীর্ঘদিন উপেক্ষা করছে। তিনি জানান, শূন্য পদে নিয়োগ বন্ধ থাকা, পদোন্নতি–পদায়নে বৈষম্যসহ নানা কারণেই শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তিনি বলেন, “চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সরকার গঠনমূলক দাবি মেনে নিলে আমরা কাজে ফিরে যাব।”
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা জানান, ১ ডিসেম্বর থেকে সারাদেশের মতো মানিকছড়ির সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।
দেশের সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ স্থানে শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষা স্থবির হয়ে পড়েছে। সারাদেশের ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে দেশের একযোগে কর্মবিরতি পালন করছেন।
এই বাংলা/এমএস
টপিক
