চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
কাজের সন্ধানে কম্বোডিয়ায় গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক যুবক। নিহতের নাম সবুজ আহমেদ। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিটেক ইউনিয়নের নতুন দোকান এলাকার বাসিন্দা শেখ ইদ্রিসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে সবুজ আহমেদ কম্বোডিয়ায় পাড়ি জমান। সেখানে বৈধভাবে কাজের কাগজপত্র করে দেওয়ার আশ্বাসে তিনি এক দালালের কাছে মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাগজপত্র না হওয়ায় দালালের সঙ্গে সবুজের বিরোধ সৃষ্টি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
একপর্যায়ে দালাল ও তার সহযোগীরা সবুজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজ আহমেদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছে।
নিহত সবুজের বাবা শেখ ইদ্রিস জানান, তিনি দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে গাজিটেক ইউনিয়নের নতুন দোকান এলাকায় বসবাস করে আসলেও বর্তমানে শ্বশুরবাড়ি সাদীপুরে অবস্থান করছেন।
এ ঘটনায় প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সচেতন মহল। তারা দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদেশগামী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

