উলিপুরে বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন, একনেক প্রকল্প বাস্তবায়নে জোর দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৌর শহরের তীব্র যানজট নিরসনে একনেক অনুমোদিত বিকল্প বাইপাস সড়ক নির্মাণ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উলিপুর পৌর শহরের চৌরাস্তা মোড়ে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদাহ উপেক্ষা করে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা জানান, পৌরসভার হেলিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৩.২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণের জন্য একনেকে ৬৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ শুরু হয়নি। ফলে শহরের প্রধান সড়কে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং জরুরি সেবা—অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস—সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও দাবি করেন, যানজটে আটকে এক অ্যাম্বুলেন্সে সম্প্রতি একটি শিশুর মৃত্যু হয়েছে, যা দ্রুত বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী। তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেন এবং দ্রুত কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ হায়দার আলী মিঞা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকবাল হোসেন চাঁন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমানসহ অনেকে।

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বাইপাস সড়ক প্রকল্পের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং দ্রুত দরপত্রসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করার চেষ্টা চলছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here