চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গিলাবাড়ী এলাকায় মহানন্দা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে ৪৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভোলাহাট থানা পুলিশের সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তারা জেলেদের বৈধ জাল ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান।