খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি স্থানীয় মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা–দোকানি মো. শাহিনকে গ্রেপ্তার করে।
ঘটনার এক বছরের মধ্যেই মামলার রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা বলেন, দ্রুততম সময়ে মামলাটির বিচার সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ মামলায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি বলে তারা মনে করেন। তাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।