রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সিংড়ায় গণঅধিকার পরিষদ নেতাকে মারধরের অভিযোগ, ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়া উপজেলায় গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান মামুনকে মারধর ও ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী মেহেদী হাসান মামুন জানান, সিংড়ার শেরকোল এলাকার দুটি গদি ঘর থেকে ব্যবসার ১৭ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের অনুসারীরা তাকে জোরপূর্বক মাসুদ মার্কেটে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামুনের দাবি, গত ৫ আগস্টের পর মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা প্রতিরোধ করায় জয়নাল আবেদীন তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এরপর থেকেই তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর