গাজীপুর প্রতিনিধি :
‘আস্থায় অবিচল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলগেট সংলগ্ন ব্র্যাক ব্যাংকের গাজীপুর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিজিওনাল প্রধান মো. ইকরাম হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখার কর্মকর্তা মোরশেদা আক্তার ও শারমিন আক্তার। পরে ব্যাংকের গ্রাহকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে ব্র্যাক ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও এসএমই খাতের বিকাশে ব্র্যাক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার মাধ্যমে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফলতা স্মরণ করা হয় এবং আগামীর পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

