বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও হয়রানির অভিযোগ, তদন্তে পুলিশ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৩ জুন, ২০২৬
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানি এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী রাজিউল হাসান এ অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১ জুন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামের কোয়ারিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী পরিবারের সদস্যরা নিজেদের পুকুরপাড়ে মাটি ফেলে সংস্কার কাজ শুরু করলে শহীদ আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। পরে তারা বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুর উদ্দিন কাশেমকে মারধরের চেষ্টা করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এছাড়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নুর উদ্দিন কাশেমকে হত্যা করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয়। পাশাপাশি টানা তিন দিন বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
পরিবারের সদস্যরা জানান, রাজিউল হাসান গত ২১ মে দেশে আসেন। তার আরেক ভাইও বিদেশে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস না করায় স্থানীয় কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভূমি বিরোধকে কেন্দ্র করে তাদের হয়রানি করে আসছে। বর্তমানে প্রতিবেশী শহীদ আলম ও কামরুল ইসলামের পরিবারের সঙ্গে তাদের দুটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে বলেও তারা জানান।
তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, “তারা আমাদের জায়গায় জোরপূর্বক ঘাটলা নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। তারা বেআইনিভাবে আমাদের জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে আদালতে গেলে রায় আমাদের পক্ষে এসেছে।”
এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, “পারিবারিক বিরোধের জেরে প্রবাসী পরিবারকে গালিগালাজ এবং তাদের প্রধান ফটকে আঘাত করার ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে বাড়ির মালিককে ধাক্কা দেওয়ার দৃশ্যও দেখা যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”