কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার বাসিন্দা মো. ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মো. মাসুদ মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে দক্ষিণ ভরতের ছড়া এলাকার অটোরিকশা চালক মো. রকি মিয়া (১৯) যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীর দিকে রওনা হন। পথে যাত্রীবেশে তিন ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তারা কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে রকি মিয়াকে অচেতন করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর নানা মো. রুস্তম আলী (৭৩) ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়, যারা যাত্রীবেশে চালকদের টার্গেট করে অপরাধ সংঘটিত করত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তদন্তের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই মো. জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে গত ১২ জুন রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের মূলহোতা ফেরদৌস রহমান অন্তর ও তার সহযোগী মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চক্রের আরেক সদস্য মো. মমিনুর রহমান (২৭) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানান, ছিনতাই করা অটোরিকশাটি তারা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করেছেন। অটোরিকশাটি উদ্ধারে চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

