নাটোরে পারিবারিক কলহে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৬ মে, ২০২৬
নাটোর প্রতিনিধি :
নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছী উত্তরপাড়ায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি মান্নান সরকার মানু (৭০)। আটক হওয়া স্ত্রীর নাম রতেজান (৫০)।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। পরে কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় তার স্ত্রী হাসুয়া দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।