রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় রাস্তা নির্মাণে চুলার মাটি ব্যবহার ও কলাগাছ দিয়ে পাইলিং করার সংবাদ প্রচার করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উঠেছে কাঠালিয়া উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, এটিএন বাংলা ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন সম্প্রতি কাঠালিয়া উপজেলায় একটি রাস্তা নির্মাণে চুলার মাটি ব্যবহার ও কলাগাছ দিয়ে পাইলিং করার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর জেরে রবিবার (১৫ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে কাঠালিয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ে তাকে ডাকা হয়। অভিযোগ রয়েছে, প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ শাকিলকে দিয়ে সাংবাদিক নাসির উদ্দিনকে কক্ষে ডেকে নেন।

সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের অভিযোগ, কক্ষে ডাকার পর উপজেলা প্রকৌশলী তাকে হত্যার হুমকি দেন এবং তার ক্যামেরা ফেলে দেওয়ার পাশাপাশি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফার বক্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর