নূন্যতম মাসিক বেতন ৩০ বৃদ্ধির দাবি নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
স্থানীয়রা জানায়, গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা আবারো অবস্থান নিয়েছে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কর্মস্থল, অফিস, আদালত কিংবা জরুরি প্রয়োজনেও মানুষ বের হতে পারছেন না মহাসড়কে। শ্রমিকদের বিক্ষোভের কারণে অতিষ্ট হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা সরে যায়। কিছু সময় পর আবারো শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে ফিরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সর্বশেষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুরের নাওজোর, চৌরাস্তা, কোনাবাড়ী ও মৌচাকসহ কয়েকটি এলাকায় শ্রমিকরা অবস্থান করছে।
এক ব্যক্তি জানান, গাজীপুর আদালতে যাচ্ছি মামলার হাজিরা দিতে। নাওজোর এসে আটকে গেছি। শ্রমিকরা যানবাহন চলতে দিচ্ছে না। তাই কিছুটা হেঁটে আবার কিছুটা অটো দিয়ে যাচ্ছি। অযথাই অযৌক্তিক দাবি নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। কয়েকদিন ধরেই শ্রমিকদের আন্দোলনে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কিছু কিছু জায়গায় শ্রমিকরা অবস্থান নিয়েছে। এছাড়া কিছু জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।