সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে পাতা খেলার ফাইনাল, পুরস্কার হিসেবে ছাগল ও রাজহাঁস

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে পাতা খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।

সোমবার (২ নভেম্বর) শিবগঞ্জ পৌরসভার চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিবগঞ্জ হাটের উপর যুব সংঘের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী দলকে একটি ছাগল এবং রানার্সআপ দলকে একটি রাজহাঁস পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় আয়োজক ও অতিথিরা বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ