ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার পর নিজ দলীয় কার্যালয়, কর্মী-সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়ে বিএনপি ও নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল–এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কাঠালিয়া উপজেলা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার সকালে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান অভিযোগ করেন, স্থানীয় জামায়াত কর্মীরা বিভিন্ন সময়ে সেনাবাহিনীর কাছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে হয়রানি করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, নির্বাচনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার পর মরিচবুনিয়া বাজারে জামায়াতের নিজস্ব কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে বিএনপির ওপর দায় চাপানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ছগির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, যুবদল নেতা মোঃ লিয়াকত আলী জমাদ্দার, ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুজ্জামান এবং ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মোঃ অলিউল ইসলাম।
বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

