মিঠাপুকুরে ট্রাক্টর চালককে কুপিয়ে জখমের অভিযোগ, ১০ দিনেও হয়নি মামলা

মিঠাপুকুরে জমি চাষ নিয়ে বিরোধ

0
140
ট্রাক্টর চালক বিপ্লব মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা / ছবি - এই বাংলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

 

​রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে এক চালককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে ১৭ নং ইমাদপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টার সময় ইমাদপুর মধ্যপাড়া গ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন চালক বিপ্লব মিয়া। এসময় একই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও তার ছেলে নুরুল ইসলামসহ একদল লোক তাকে চাষাবাদে বাধা দেয়। অভিযুক্তরা চিৎকার করে বলতে থাকে, “আমাদের গ্রামে আমাদের ট্রাক্টর দিয়ে চাষ হবে, তুই কেন এখানে এসেছিস?”

​বিপ্লব মিয়া এই অন্যায্য বাঁধার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ট্রাক্টর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সাইফুল ইসলাম হত্যার উদ্দেশ্যে বিপ্লবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

​আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বিপ্লব মিয়াকে উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বিপ্লবের শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় সাইফুল ইসলামকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​তবে ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও মামলাটি কেন নথিভুক্ত (এফআইআর) করা হয়নি, তা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি।”

​অন্যদিকে, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “মামলা হওয়ার মতো ঘটনা হলে অবশ্যই মামলা হবে। তদন্তকারী কর্মকর্তা এখনো আমাকে বিস্তারিত অবগত করেননি। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here