
নাটোর প্রতিনিধি :
নাটোরে গুরুদাসপুর উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে লক্ষ্য করে ছোঁড়া এসিডে এসিড দগ্ধ হয়েছেন এই ছাত্রীর নানী হালিমা বেগম (৭০)।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। এসিডদগ্ধ হালিমা বেগম উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য চামেলী বেগমের মা। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর মেয়ে চামেলী বেগম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা আমার মেয়ে শাবানাকে কলেজে যাওয়ার পথে ইভটিজিং ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ১১ বছরের এক শিশুর ধর্ষণ মামলায় তিনি সাক্ষ্য দেওয়ায় ক্ষুব্ধ ছিল অভিযুক্তরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরই একপর্যায়ে রাতে মেয়ে শাবানা ও মা হালিমা বেগম রাথরুমে যাওয়ার সময় শাবানাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে অভিযুক্তরা। এসময় বখাটেদের ছোঁড়া এসিডে শাবানা রক্ষা পেলেও দগ্ধ হন হালিমা বেগম। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সিভিল সার্জন মোঃ মুক্তাদির আরেফিন জানান, চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-এ পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান জানান, এই ঘটনায় এখনও অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তশেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
