ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুদকের হাতে আটক

0
163
ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম দুদকের হাতে গ্রেফতার / ছবি - এই বাংলা

যশোর প্রতিনিধি :

ঘুষ গ্রহণের অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ সূত্রে জানা যায়, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল নিষ্পত্তির জন্য গত তিন মাস ধরে নানা অজুহাতে তাকে ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে ফাইল ছাড় করাতে প্রথম দফায় ৮০ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে আরও অর্থ দাবি করা হয় এবং টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় না দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারী আরও জানান, ঘুষ আদায়ের উদ্দেশ্যে খুলনা বিভাগের এক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

বুধবার বিকেলে পেনশন সংক্রান্ত ফাইল নিষ্পত্তির কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হলে আগে থেকে অবস্থান নেওয়া দুদক কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।

দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here