চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে এসব পশু জব্দ করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবি সূত্রে জানা যায়, জহুরপুরটেক বিওপি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, জহুরপুর বিওপি থেকে শিবগঞ্জ উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু, শিংনগর বিওপি থেকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি থেকে মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়।
জব্দকৃত পশুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। পরে এসব গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক

