বরিশাল ব্যুরো :
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৭টি ড্রেজার, একটি স্টিলবডি ট্রলার জব্দ এবং ২০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইলিশা স্টেশনের কালীগঞ্জ ও হিজলা কন্টিনজেন্ট যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। হিজলা থানার সওড়া সৈয়দখালি এলাকার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে হাতেনাতে ৫৭টি ড্রেজার ও একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলার তল্লাশি করে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত ২০ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ও জব্দকৃত ট্রলার আইনগত ব্যবস্থার জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়। অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের মালিকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বালুখেকোদের কারণে ফসলি জমি ও জনবসতির ক্ষতি রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ট্রলারসহ ২০ জন আটকের ঘটনায় দুটি মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ৫৭টি ড্রেজার বর্তমানে কোস্টগার্ডের জিম্মায় রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

