বিশেষ প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তসংলগ্ন বড়ইকুচি এলাকায় এনএসআই-এর সরবরাহকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ডাব সাবান জব্দ করেছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ (করগাঁও বিওপি)-এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের প্রস্তুতির খবর পেয়ে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে সেখানে ফেলে যাওয়া ১৮টি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে দেখা যায়, ৮৯৫ কার্টনের ভেতর মোট ৬ হাজার ৪৮টি ভারতীয় ডাব সাবান রয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৮৪ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চোরাকারবারি চক্র ভারতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চক্রটি বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছে তারা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়দের অনেকেই বিজিবির পদক্ষেপকে স্বাগত জানিয়ে সীমান্ত নিরাপত্তায় আরও নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

