আসন্ন নির্বাচন বিগত ৮-১০টি নির্বাচনের মতো নয়: জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

0
475
কুলাউড়ায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীসমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, সামনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এটি বিগত কয়েক দশকের যেকোনো নির্বাচনের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং ও ইতিহাসগত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিহিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, এই নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার মাধ্যমে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। গণভোট ও সাধারণ নির্বাচনের এই সমন্বিত ভোটই আগামী শত বছরের বাংলাদেশের অগ্রগতির পথচিত্র ঠিক করবে বলে মন্তব্য করেন তিনি। তরুণ প্রজন্মের স্বপ্ন ও পরিকল্পনার প্রতিফলন ঘটাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, নির্বাচন সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শতভাগ পেশাদারিত্ব বজায় রাখবেন।

পর্যটন জেলা মৌলভীবাজারে দর্শনার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরির লক্ষ্যে হাকালুকি হাওর, কালাপাহাড়সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আবাসন সুবিধা ও ওয়াচ টাওয়ার নির্মাণের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে কুলাউড়া শহরের যানজট নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বক্তারা কুলাউড়ার উন্নয়ন ও সমস্যা তুলে ধরে—চার লেন সড়ক উন্নীতকরণ, হাসপাতালের জনবল সংকট দূরীকরণ, এক্স-রে মেশিন চালু, সিলেট রেলপথে ট্রেন ও আসন সংখ্যা বৃদ্ধি, পর্যটন উন্নয়ন, মনু নদীর তীররক্ষা প্রকল্পের ধীরগতি, ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানা দাবি উপস্থাপন করেন।

সব দাবি–দাওয়ার পর জেলা প্রশাসক জানান, তিনি এসব বিষয় দ্রুত সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাব আকারে পাঠাবেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here