বিশেষ প্রতিনিধি :
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন ডা. জাহিদ হোসেন।
তিনি জানান, স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি আজ যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও খালেদা জিয়াকে দেখবেন। বিদেশে নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “মেডিকেল বোর্ড যদি মনে করে ওনাকে ট্রান্সফার করা প্রয়োজন, তবে যথাসময়েই বিদেশে নেওয়া হবে। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু রোগীর অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বাস্থ্যসংক্রান্ত ব্রিফিং তিনি দেবেন এবং রাজনৈতিক বিষয় নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ কথা বলবেন।
তিনি আরও বলেন, “অন্য কারও ব্রিফিং-এর প্রতি কান না দেওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আপনারা যদি এটাকে অনুসরণ করেন, তাহলে গুজব ছড়ানোর সুযোগ থাকে না।”
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর লিভার, কিডনি ও হৃদ্যন্ত্রের বিভিন্ন জটিলতা নিয়ে গত কয়েক বছর ধরে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
এই বাংলা/এমএস
টপিক

