
ডেস্ক নিউজ :
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়া বা তাঁর মৃত্যু নিয়ে ছড়ানো গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়ালে কারা কর্তৃপক্ষ জানায়, ইমরান খান এখনো আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পাকিস্তানের জিও নিউজের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “আদিয়ালা জেল থেকে তাঁকে সরানোর খবর মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা পাচ্ছেন।” কর্তৃপক্ষ আরও বলে, তাঁর স্বাস্থ্যের বিষয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোও সম্পূর্ণ ভিত্তিহীন।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান ক্ষমতা হারানোর পর দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলার মুখোমুখি হন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, কারাগারে ইমরান খান আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো ও আরামদায়ক সুবিধা পাচ্ছেন। তাঁর ভাষায়, “তাঁর জন্য যেসব খাবার আসে, সেগুলো পাঁচতারা হোটেলেও মিলবে না। তাঁর কাছে টেলিভিশন আছে, তিনি ইচ্ছেমতো যেকোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের জন্য আলাদা মেশিনও আছে।”
তিনি আরও দাবি করেন, ইমরান খানের জন্য ডাবল বেড এবং ‘মখমলের গদি’ পর্যন্ত দেওয়া হয়েছে। নিজের কারাবাসের সঙ্গে তুলনা করতে গিয়ে আসিফ বলেন, “আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, কারাগারের খাবার খেতাম, জানুয়ারির শীতে গরম পানি ছাড়াই দুইটা কম্বল ছিল।”
এদিকে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক সভায় বলেন, “ইমরান খান একমাত্র অপরাধী ছিলেন না; যারা তাকে ক্ষমতায় এনেছিল, তারাই বড় অপরাধী। তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।”
পিএমএল–এন ২০২৪ সালের নির্বাচনের পর পিপিপির সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় এলে নওয়াজ শরিফ সাধারণত নীরব থেকেছেন; তবে ইমরান ইস্যুতে তিনি প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেন।
২০১৮ সালের নির্বাচনে পিটিআই সর্বোচ্চ আসন পেয়ে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়; ২৭০টি জাতীয় পরিষদ আসনের মধ্যে তারা পায় ১১৫টি। এরপর থেকে দেশটির রাজনীতিতে পিটিআই ও ইমরান খানকে ঘিরে নানা বিতর্ক রয়ে গেছে।
এই বাংলা/এমএস
টপিক
