দালালের প্রলোভনে ভারতে যাওয়া চার তরুণীকে বিএসএফের হস্তান্তর

0
195
দালালের খপ্পরে ভারতে যাওয়া ৪ বাংলাদেশি তরুণীকে ফেরত দিলো বিএসএফ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

দালালের প্রলোভনে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার বাংলাদেশি তরুণীকে আটক করার পর দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফিরে আসা তরুণীরা হলেন— আঁখি খাতুন (২০), মালিগাছা, পাবনা সদর। আদিবা আকতার (২৩), বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। শিরিনা আকতার (২৬), বাওয়ই পাড়া, দূর্গাপুর, নেত্রকোনা। তাসমিয়া আকতার (১৮), লুংসিং, নড়িয়া, শরীয়তপুর।

পতাকা বৈঠক ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের কেদার কোম্পানির হাবিলদার শাহজাহান আলী।

জানা গেছে, চার তরুণী ঢাকার বাড্ডা থানার নুতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এর মধ্যে তিনজন একটি বিউটি পার্লারে আর আরেকজন একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

তরুণীদের মধ্যে আঁখি জানান, তাদের পূর্বপরিচিত জান্নাত নামের এক নারীর প্রলোভনে কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেন। সীমান্তের ওপারে অপেক্ষায় থাকা একটি প্রাইভেট কারে তারা আসামের গুয়াহাটিতে পৌঁছান। পরদিন ২৩ নভেম্বর ভারতীয় পুলিশ তাদের আটক করে।

আঁখি বলেন, “উন্নত জীবন আর ভালো কাজের লোভে আমরা ভারতে গিয়েছিলাম। এটা আমাদের ভুল ছিল।”

মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী এবং বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনস্পেক্টর ধীরেন্দ্র কুমার। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তরুণীদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি তরুণীদের কচাকাটা থানায় হস্তান্তর করেছে বলে জানান হাবিলদার শাহজাহান।
কচাকাটা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, “বিজিবির কাছ থেকে চার তরুণীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা এসে নিয়ম অনুযায়ী জিম্মায় নিয়ে যাবেন।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here