ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অফিস আদেশে বলা হয়, গত ১৬ নভেম্বর ২০২৩ তারিখে স্বাক্ষরিত এক আদেশে ১০ জুন ২০২৩ থেকে ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল গবেষণার জন্য গিয়েছিলেন। তবে তিনি নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করে বারবার শিক্ষাছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তার আবেদন দুইবার স্ট্যান্ডিং কমিটিতে (১৮৮তম ও ১৯৬তম সভায়) অবিবেচিত হয়। এর পরেও তিনি কর্মস্থলে যোগদান না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।
এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(ঘ) ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভায় সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়, বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(ঢ) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপসারণ করা হবে।
এ বিষয়ে জানতে চেয়ে ড. বিকাশ চন্দ্র সিংহকে হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি রিসিভ করেননি এবং পাঠানো খুদে বার্তাতেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

