বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে বিক্ষুব্ধ ছাত্রজনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি–সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য এবং কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) জামালপুরের বকশীগঞ্জ থানায় গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন মামলাটি দায়ের করেন। বিষয়টি সোমবার (২৪ নভেম্বর) নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই বিকেল ৩টায় বকশীগঞ্জ পৌর শহরে ফ্যাসিস্ট-বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্রজনতা একটি মিছিল বের করে। মিছিলের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে পৌর এলাকার বিসমিল্লাহ হোটেলে অগ্নিসংযোগ করে।
এরপর পরদিনও ছাত্রজনতা সরকার পতনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে, নামীয় আসামিদের নেতৃত্বে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তি হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনার পর, গত বছরের আগস্টে সরকার পতনের পর এলাকার তৎকালীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা এলাকা ছেড়ে চলে যান। জুলাই মাসের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা শাহরিয়ার আহমেদ সুমন ২০ নভেম্বর হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ আসনের সাবেক এমপি নুর মোহাম্মদ, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ারসহ মোট ৫৯ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

