নাটোর প্রতিনিধি :
নাটোরে ভুয়া মেসেঞ্জার আইডি খুলে প্রতারণা ও মানহানির অভিযোগ উঠেছে কালের কন্ঠ বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি ও বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিক ওরফে অনিক মাহমুদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দৈনিক কালের কন্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি গোলাম রাব্বানীর নামে ভুয়া আইডি খুলে প্রতারণার চেষ্টা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অনিক ‘G Rabbani’ নামের ভুয়া আইডি থেকে কথোপকথন বিকৃতি করে চাঁদা দাবির ভুয়া স্ক্রিনশট তৈরি করেন। পরে সেই স্ক্রিনশটের একটি কপি ৬ অক্টোবর নাটোরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাব্বানীর কর্মস্থল কালের কন্ঠ অফিসে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ৩ নভেম্বর নাটোর সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও আর্থিক ক্ষতি সাধন করেছেন। অভিযোগে বলা হয়, এতে রাব্বানী প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এজাহারের সঙ্গে সিসিটিভি ফুটেজের সিডি ও ভুয়া কথোপকথনের ফটোকপি প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, “এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর থেকে অনিক মাহমুদ পলাতক রয়েছেন। কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম জানান, বুধবার সকালেই অনিক ফোনে জানিয়েছেন যে তার স্ত্রী অসুস্থ, এরপর থেকে তিনি কলেজে অনুপস্থিত এবং ফোনেও পাওয়া যাচ্ছেন না। স্থানীয়রা জানিয়েছেন, অনিক দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক