রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শ্রীপুরে গাকৃবির ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, বিতরণ ৮০০ গাছের চারা

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষির প্রসার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনী ভাংগায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষি প্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে একটি আদর্শ কৃষিনির্ভর গ্রাম গড়ে তোলা এবং পর্যায়ক্রমে এ উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য।

প্রযুক্তি গ্রামের মাধ্যমে এলাকার কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে স্থানীয় কৃষি সমস্যাগুলো চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা, আধুনিক চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়া এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি গবেষক, কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্রও তৈরি হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০২৬-২০৩০ মেয়াদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীপুর উপজেলার বদনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গেস্ট অব অনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথভাবে ‘প্রযুক্তি গ্রাম’-এর উদ্বোধন করেন। পরে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।

উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বক্তব্যের শুরুতে বদনী ভাংগাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গাকৃবি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

‘প্রযুক্তি গ্রাম’ প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই, যখন সেগুলো কৃষকের মাঠে পৌঁছাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তিগুলো মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া, কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং স্থানীয় সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও উৎপাদনশীল করতে আধুনিক, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকল্প নেই। এ জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বদনী ভাংগা থেকে এ উদ্যোগের সুফল আশপাশের গ্রাম হয়ে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এতে কৃষকের উৎপাদন বাড়বে, কৃষি অর্থনীতি শক্তিশালী হবে এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বদনী ভাংগা গ্রামের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ও উপাচার্য স্থানীয় মানুষের হাতে একটি করে ফলদ ও ভেষজ গাছের চারা তুলে দেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর