শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় নিরাপত্তা জোরদারে পুলিশের চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নলডাঙ্গা থানাধীন মহিষমারী ব্রিজের উত্তর পাশে এ চেকপোস্ট পরিচালিত হয়।

এর আগে নলডাঙ্গা-আত্রাই মহাসড়কে পুলিশের চেকপোস্টে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহানের নির্দেশনায় চেকপোস্টে দায়িত্ব পালন করেন থানার জরুরি কর্মকর্তা এসআই সুব্রত কুমার, এসআই সানোয়ার, এএসআই জাকির হোসেন, এএসআই ফেরদৌসসহ পুলিশের একটি দল। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নাশকতামূলক কর্মসূচিকে কেন্দ্র করে নলডাঙ্গা ও নাটোরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে নাটোর ও নলডাঙ্গা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ অভিযানে কোনো আসামি গ্রেপ্তার, কোনো কিছু উদ্ধার কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর