ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কর্নিকান্দা গ্রামে পানির মোটর চুরির অভিযোগ ও এ সংক্রান্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে হবি মাতুব্বর বলেন, তাঁদের গ্রামের সাংবাদিক আজিবর রহমানের বাড়িতে পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। তবে ওই চুরির সঙ্গে তাঁর ছেলে বাবু জড়িত নন বলে দাবি করেন তিনি।
হবি মাতুব্বরের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তাঁদের সঙ্গে বিপক্ষের দীর্ঘদিন ধরে মারামারি ও মামলা চলছে। সেই বিরোধের সূত্র ধরে তাঁদের মানসম্মান ক্ষুণ্ন করতে তাঁর ছেলে বাবুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার এবং পরিকল্পিতভাবে চুরির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি আরও জানান, এ বিষয়ে ভাঙ্গা থানায় মানহানির অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, চুরির ঘটনায় পানির মোটর উদ্ধারের বিষয়ে অভিযুক্ত হাসান বলেন, পানির মোটর চুরির সঙ্গে তিনি ও বাবু জড়িত নন। তাঁকে মারধর করে বাধ্য করা হয়েছে এবং সে কারণেই তিনি বাবুর নাম বলেছেন বলে দাবি করেন হাসান।
এ ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বাবু বলেন, তিনি পানির মোটর চুরির সঙ্গে জড়িত নন। পূর্বশত্রুতার জেরে তাঁকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই বাংলা/এমএস