ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ইকবাল বেপারী।
শনিবার সকাল ১১টার দিকে কৈখালী বাজারে ছাত্রদলের কার্যালয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় এলাকার কয়েকজন মুরব্বি ও যুবক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইকবাল বেপারী জানান, তিনি ইউনিয়ন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম জাহাঙ্গীর বেপারী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। ইকবালের দাবি, চাকরিসূত্রে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে কাজ করা এবং দায়িত্ব পালনের সুযোগ হয়েছে তাঁর। এ কারণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত ও প্রবেশের সুযোগও ছিল।
তিনি অভিযোগ করেন, মাদক, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাকে কেন্দ্র করে ব্যক্তিগত শত্রুতা ও হিংসার বশবর্তী হয়ে স্থানীয় একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
ইকবাল বেপারীর আরও অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আইডি থেকে তাঁর বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ভিডিও ও সংবাদ প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং প্রচারিত ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
এই বাংলা/এমএস