শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মানিকছড়ি মং রাজবাড়ীতে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরি, রাজপরিবারের সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ী পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সরকারি সফরে পার্বত্য মন্ত্রী ও অন্যান্য অতিথি রাজবাড়ীতে পৌঁছালে প্রয়াত মং রাজা মংপ্রু সাইন বাহাদুরের দ্বিতীয় দৌহিত্র কুমার সুইচিং প্রু সাইন এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।

এ সময় অতিথিরা ঐতিহ্যবাহী রাজবাড়ীর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণ ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

রাজবাড়ীর বিভিন্ন কক্ষ পরিদর্শনের সময় অতিথিরা পূর্ববর্তী মং রাজাদের ব্যবহৃত নানা ঐতিহাসিক ও দুর্লভ নিদর্শন গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ‘ময়ূর নৃত্য’ উপভোগ করেন তাঁরা। পরিদর্শনের শেষ পর্যায়ে রাজবাড়ীতে অতিথিদের আগমন উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের ওবাইন রাখাইন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা ও মংসাপ্রু চৌধুরী, সাবেক জেলা ছাত্রদল সভাপতি কামাল উদ্দীন দীপ্ত, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর