পঞ্চগড়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ৩৩ বছর ধরে ভূমিকা রেখে চলেছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আধুনিক চিকিৎসাসেবা, উন্নত ল্যাবরেটরি, রোগীবান্ধব পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ উপলক্ষে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত নির্বাহী পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা পেরিয়ে প্রতিষ্ঠানটি জেলার মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।
২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর বর্তমান নির্বাহী পরিষদ হাসপাতালের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে হাসপাতালের লিফট মেরামত, মোটরসাইকেল গ্যারেজ উন্নয়ন, দোকানকক্ষ সংস্কার, রিসিপশন ও হেল্পডেস্ক চালু, সিসিটিভি স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবস্থাপনায় উন্নয়ন করা হয়েছে।
চিকিৎসাসেবার মান বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নতুন সাইনবোর্ড স্থাপন, বিভিন্ন কেবিন সংস্কার এবং রোগীদের জন্য উন্নত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগী ও স্বজনদের বসার সুবিধার্থে ৯টি ওয়েটিং চেয়ার সংগ্রহ করা হয়েছে।
ল্যাবরেটরি সেবায় আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আধুনিক কেমিলুমিনেসেন্স অ্যানালাইজারসহ উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় প্রায় ১০ থেকে ৬০ শতাংশ কম খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে।
দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের সহায়তায় দাতাদের অনুদানে গঠন করা হয়েছে দরিদ্র তহবিল। এ তহবিল থেকে বিনামূল্যে খাবার, ওষুধ ও ইনসুলিন সরবরাহ করা হচ্ছে। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বাড়িতে বিনামূল্যে ইনসুলিন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু রয়েছে। এ ছাড়া দুটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন এবং গ্রামীণ ব্যাংকের ‘সুখী’ প্রকল্পের সুবিধাভোগীদের চিকিৎসাসেবা দিতে প্রাতিষ্ঠানিক চুক্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সীমিত আর্থিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ও সাশ্রয়ী নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের আয় বাড়ানো, কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান, নতুন পোশাক বিতরণ এবং বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চিকিৎসাসেবার মান উন্নয়ন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ও ল্যাবরেটরি সেবার পরিধি বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন, জেনারেল বেডের সংখ্যা বৃদ্ধি এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা সম্প্রসারণ। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সরকারি হাসপাতালের আদলে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপসংহারে বলা হয়, রোগী ও সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা কামনা করা হয়েছে।
এই বাংলা/এমএস