নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত শেষে শনিবার ভোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। তবে আগুনে স্মৃতিস্তম্ভটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের দাবি, দেশব্যাপী নিষিদ্ধ একটি সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার একাধিক দল কাজ করছে। ঘটনার পর এলাকায় প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তবে অগ্নিসংযোগের পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
এই বাংলা/এমএস