বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কালিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পৌর এলাকার ৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলা মডেল মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মুফতি হাবিবুল্লাহ এবং কালিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি ওহিদুজ্জামান সরদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মুফতি হাবিবুল্লাহ জানান, বিতরণ করা প্রতিটি প্যাকেজে ছিল একটি ডাবল পার্টের কম্বল, একটি হুডি, একটি কানটুপি, এক জোড়া মোজা এবং দুটি ধর্মীয় বই। শীতের কষ্ট লাঘবের পাশাপাশি শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে শীতের সময়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরও উৎসাহিত করবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর