বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাকৃবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ২৭০ প্রাণী

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারি ও প্রাণিপ্রেমীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

দুই পর্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈমুর ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আগত খামারি ও প্রাণিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে ভেটেরিনারি টিচিং হসপিটালের সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাসের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং ভেটেরিনারি শিক্ষার ব্যবহারিক ও জনসেবামূলক গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণিসম্পদ শুধু দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত নয়; এটি মানুষের পুষ্টি, জীবিকা, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। একটি অসুস্থ প্রাণী কেবল একজন খামারির আর্থিক ক্ষতির কারণ হয় না, বরং এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও সামগ্রিক প্রাণিজ খাদ্যব্যবস্থায়। তাই প্রাণীর চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক প্রাণিচিকিৎসাকেন্দ্রে পরিণত করার প্রত্যাশা রয়েছে। এ লক্ষ্যে চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালটি যেন সাধারণ খামারি ও প্রাণিপ্রেমীদের আস্থার জায়গা হয়ে ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় চলতি বছরের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন উপাচার্য।

আলোচনা অনুষ্ঠান শেষে উপাচার্য হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা খামারি ও প্রাণিপ্রেমীদের সঙ্গে কথা বলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অভিজ্ঞ শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীদের সমন্বয়ে দিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় গবাদিপশু ও পোষা প্রাণীর রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, কৃমিনাশক ওষুধ, ভিটামিন ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকাও প্রদান করা হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ২৭০টি প্রাণীকে চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবার আওতায় আনা হয়। এর মধ্যে রয়েছে ৬টি গরু, ৭টি ছাগল, ২৬টি হাঁস-মুরগি, ২৪টি বিড়াল ও ১০টি কুকুর।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর