গাজীপুর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কালিয়াকৈরে র্যালি করেছেন পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলু। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর পৌর যুবদলের পক্ষ থেকে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে মোস্তাফিজুর রহমান শিপলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত সাত সদস্যের এ কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি, আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
তিনি বলেন, নতুন কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্বে জেলা যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এ কমিটি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, কালিয়াকৈরে অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর নেতৃত্বে নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন খান, আরিফুর ইসলাম, ফারুক হোসেন, নুরুল ইসলাম, রাশেদুল, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম, জামাল হোসেন, রতন মণ্ডল, আরাফাত হোসেন, লালচানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস