খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বাড়াতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা খাগড়াছড়ির চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
এই বাংলা/এমএস