বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ দোকান

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট সংলগ্ন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গণপূর্ত বিভাগ। অভিযানের প্রথম দিনে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমিতে একটি মিনিপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় এ অভিযান শুরু হয়। গণপূর্ত বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ওই জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। অভিযান শুরুর আগে দখলদারদের চিঠি দিয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁদের অনেকেই আগেই মালামাল সরিয়ে নেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের নেতৃত্বে প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাটসহ গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমিও দখলমুক্ত করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর