গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছায়াবিথী এলাকায় সোসাইটি মসজিদসংলগ্ন রহমানিয়া ইনস্টিটিউট হিফজ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক ওসমান গণিকে চাকরি থেকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
তবে বহিষ্কারপত্রে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ না করে ‘গুরুতর নৈতিক স্খলন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড’ উল্লেখ করায় বিষয়টি আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগকারী শিক্ষার্থী মাদ্রাসার ইংলিশ মিডিয়ামের নাইট শিফটের ছাত্র। সামাজিক মর্যাদা, ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানের বিষয় বিবেচনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচয় গোপন রাখা হয়েছে।
বহিষ্কারপত্রে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের উল্লেখ
মাদ্রাসা কর্তৃপক্ষের গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তারিখের বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির শিক্ষক ওসমান গণির বিরুদ্ধে গুরুতর অনৈতিক, নীতিবহির্ভূত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সুনাম বিবেচনায় সংশ্লিষ্ট অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারপত্রে আরও বলা হয়, ২৪ নভেম্বর থেকে ওসমান গণির সঙ্গে প্রতিষ্ঠানের সব ধরনের চাকরিগত ও প্রশাসনিক সম্পর্কের অবসান ঘটানো হয়েছে। একই সঙ্গে তাঁকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্সিপালসহ শিক্ষকদের বক্তব্যে অসংগতি
ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শামীমসহ কয়েকজন শিক্ষক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি বলে প্রতিবেদকের কাছে প্রতীয়মান হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, এলাকার কয়েকজন ব্যক্তি অভিযুক্ত শিক্ষককে মারধর করে এলাকা থেকে বিতাড়িত করেছেন।
তবে শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকৃত ঘটনা কী, কেন তাঁকে বহিষ্কার করা হলো এবং শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান কী পদক্ষেপ নিয়েছে—এসব বিষয়ে তাঁদের বক্তব্যে স্পষ্টতা পাওয়া যায়নি। একদিকে বহিষ্কারপত্রে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের উল্লেখ, অন্যদিকে শিক্ষকদের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে আসায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিভাবকদের বক্তব্যে উদ্বেগ
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ রয়েছে। তাঁদের বক্তব্যে অভিযোগের কিছু বিষয় আংশিকভাবে উঠে এসেছে। তবে সামাজিক সম্মান ও লজ্জার বিষয় বিবেচনায় তাঁরা বিস্তারিত প্রকাশে অনাগ্রহী।
এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে শুনেছেন। তবে প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের জিম্মাদার ও তাঁর আপন বড় ভাই তরিকুল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বহিষ্কারের পাশাপাশি প্রয়োজন তদন্ত ও আইনগত পদক্ষেপ
একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর প্রতি যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ ওঠার পর শুধু চাকরি থেকে বহিষ্কার করেই কি প্রতিষ্ঠানের দায়িত্ব শেষ? অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সচেতন মহলের মতে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে শিক্ষার্থীর নিরাপত্তা-সংশ্লিষ্ট অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষ করে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব।
এ ঘটনায় প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচয়, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এখন প্রশ্ন, অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের মধ্য দিয়েই কি রহমানিয়া ইনস্টিটিউট হিফজ মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব শেষ, নাকি অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে? সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
এই বাংলা/এমএস