ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি) গ্রুপের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের কর্ণধার কে.এস.এম. মোস্তাফিজুর রহমান এবং তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, আর্থিক অসংগতি ও অন্যান্য গুরুতর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা, আর্থিক অনিয়ম, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও গণমাধ্যমে উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা, ভাবমূর্তি, স্বচ্ছতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য যথাযথভাবে যাচাই না করেই অসতর্কতাবশত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্রেংথেনিং বিএইউ-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ফর রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ কর্মসূচির আওতায় ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার একাডেমিক মর্যাদা, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী কোনো কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এই বাংলা/এমএস