গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ১৬ ডিসেম্বরের মধ্যে ভারত বাংলাদেশ দখল করে নেবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধও নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে তিনি এমন মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’
এদিকে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, হাসিনা দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।
দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির আরও অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তবে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী তৎপরতা সরকার অত্যন্ত কঠোরভাবে দমন করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সূত্র: এএনআই, ইন্ডিয়া টুডে