সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দুই দিনের সরকারি ও ধর্মীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় বান্দরবানের উজানীপাড়ায় নিজ বাসভবন থেকে সড়কপথে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা শুরু করবেন তিনি।
সফরের প্রথম দিন খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন সংসদ সদস্য মাধবী মারমা। পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় ‘বিশ্ব-শান্তি বুদ্ধ ধাতু বোগোঃজাদি’ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর মহালছড়ি উপজেলার চিত্র কাবারী পাড়া সিদ্দিলাভী বন বিহার পরিদর্শন শেষে বিকেলে বান্দরবানের উদ্দেশে রওনা হবেন।
সংসদ সদস্যের খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা জানান, সংসদ সদস্যের সফরকে ঘিরে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সফর, মতবিনিময় সভা ও ধর্মীয় অনুষ্ঠানগুলো সর্বাঙ্গীণভাবে সফল ও সার্থক হবে।
এই বাংলা/এমএস