মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাঙামাটির নানিয়ারচরে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (১৭ ই বেঙ্গল)।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নানিয়ারচর জোন সদর এলাকার নানিয়ারচর মডেল উচ্চবিদ্যালয় মাঠে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর থেকে নানিয়ারচর এলাকায় বিশেষ অপারেশন চলাকালে দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের চিকিৎসাসেবা পাওয়ার সীমাবদ্ধতার বিষয়টি নজরে আসে। এ পরিস্থিতিতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির নির্দেশনায় স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে নানিয়ারচর, ইসলামপুর, খামারপাড়া, নোয়াদম, সাপমারা ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং তাদের সামগ্রিক স্বাস্থ্যমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান কর্মসূচিতে ৩৪ জন পুরুষ, ৭৪ জন নারী ও ১১ জন শিশুসহ মোট ১১৯ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের নিয়মিত চিকিৎসাসেবা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নানিয়ারচর জোন কমান্ডারের সার্বিক নির্দেশনা এবং জোনের উপ-অধিনায়কের তত্ত্বাবধানে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর