ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০২ বোতল ভারতীয় মদ ও বিয়ারসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে তাঁদের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেদিকুড়া গ্রামের আ. খালেকের ছেলে আজিজুল ও হাবিকুল। তাঁরা সম্পর্কে আপন দুই ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে এসআই হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১০২ বোতল অবৈধ মাদকদ্রব্য।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে মদ এনে ধোবাউড়াসহ আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকায় মাদকের ব্যবসা বেড়ে যাওয়ায় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
এই বাংলা/এমএস