বরগুনার বেতাগীতে মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা সদস্য এনামুল হক সালাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর এবার জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন এনামুল হক সালাম।
যোগদান উপলক্ষে দেওয়া বক্তব্যে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি। এনামুল হক সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ এখনো তিনি ধারণ করেন। তবে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান রাজনীতির সঙ্গে নিজের নীতি-নৈতিকতার অসামঞ্জস্য অনুভব করায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা ও আদর্শ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক দর্শন তাঁকে আকৃষ্ট করেছে। এ ছাড়া বরগুনার দুটি সংসদীয় আসনের প্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তাঁর ভালো লেগেছে। এনামুল হক সালামের স্ত্রী আগে থেকেই মহিলা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, সেক্রেটারি শাহাদাত হোসেন, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেন ও বায়তুলমাল সেক্রেটারি শরীফ মো. আমানুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস