বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ব্রিটিশ ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চান বাংলাদেশের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কটল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে (২৮ কুইন্স গেট, লন্ডন এসডব্লিউ৭) তাঁদের মধ্যে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই বলেন, ‘নতুন হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক বন্ধন আরও জোরদার করতে হাইকমিশনারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

ড. ওয়ালী তছর উদ্দিন স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত পুরস্কারপ্রাপ্ত রেস্তোরাঁ ‘ব্রিটানিয়া স্পাইস’-এর প্রতিষ্ঠাতা। তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসি) অন্যতম শীর্ষ নেতা এবং ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) সভাপতি।

১৯৮৪ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যে ‘জাস্টিস অব পিস’ (জেপি) নির্বাচিত হন। জাতিগত সম্প্রীতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে তাঁকে ‘মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) পদক দেওয়া হয়। এ ছাড়া এডিনবরা নেপিয়ার ইউনিভার্সিটি, হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি ও কুইন মার্গারেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।

২০২৫ সালের নভেম্বরে স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হন ড. ওয়ালী তছর উদ্দিন। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট ডেন্টাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সিলেট হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর