চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াছ ব্রাদার্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। একই সঙ্গে হামলায় সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি ঘটনার পরিকল্পনাকারী, নেপথ্যের মদদদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সংঘটিত এ ঘটনার প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি ও সদস্য সচিব নাজিমুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জে প্রকাশ্যে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তাঁদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইলিয়াছ ব্রাদার্সে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সহিংসতা শুধু ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করে না, বরং দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ ও সামগ্রিক জননিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে। সারাদেশে একের পর এক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।
তাঁরা আরও বলেন, পোশাকশিল্পসহ উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার যেকোনো অপতৎপরতা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। পরিকল্পিত সহিংসতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের পরিচয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ধারাবাহিকভাবে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ঘটনার পেছনে কারা পরিকল্পনা করছে, কারা মদদ দিচ্ছে এবং কারা অর্থের জোগান দিচ্ছে, তা তদন্তের মাধ্যমে বের করে আনা জরুরি।
তাঁরা বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে সহিংস কর্মকাণ্ড চলতে থাকলে প্রশাসনের নীরব থাকার সুযোগ নেই। অবিলম্বে ইলিয়াছ ব্রাদার্সে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি হামলার নেপথ্যের পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থের জোগানদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি ও সদস্য সচিব নাজিমুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এই বাংলা/এমএস