‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টা থেকে নেত্রকোণা পুলিশ লাইন্সে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এদিন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হয়। সকাল থেকে ধারাবাহিকভাবে চারটি ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।
প্রথম ইভেন্টে ছিল ২০০ মিটার দৌড়। নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করতে না পারায় অনেক প্রার্থী বাদ পড়েন। দ্বিতীয় ইভেন্টে পুশ-আপের মাধ্যমে প্রার্থীদের শারীরিক শক্তি, ধৈর্য ও সক্ষমতা যাচাই করা হয়। তৃতীয় ইভেন্টে লং জাম্প এবং চতুর্থ ও শেষ ইভেন্টে হাই জাম্পের মাধ্যমে প্রার্থীদের সক্ষমতা পরীক্ষা করা হয়।
প্রতিটি ইভেন্টে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিয়োগ বোর্ডের সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। নিয়োগ কার্যক্রমে তদবির, সুপারিশ বা অনিয়মের কোনো সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল সকাল ৭টার মধ্যে নেত্রকোণা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে যথাযথ নির্দেশনা অনুযায়ী তৃতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালে নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, “পুলিশে চাকরি মানে শুধু চাকরি নয়, এটা দেশ ও মানুষের সেবা করার ব্রত। যারা সৎভাবে, মেধা দিয়ে টিকবে, তারাই হবে আগামী দিনের গর্বিত পুলিশ সদস্য।”
এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম এবং জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেডিকেল বোর্ডের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অভিভাবক ও প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, এভাবে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হলে পুলিশ বাহিনী আরও শক্তিশালী ও জনআস্থার প্রতীকে পরিণত হবে।
এই বাংলা/এমএস