ফরিদপুরের নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধ এবং এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য মিজ শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল-ফাহাদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাব্বের আলী ঈছা, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা এবং দাঙ্গা-হাঙ্গামা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। পাশাপাশি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বাংলা/এমএস